২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়কে গেল ২ জনের প্রাণ

এতে আহত হয়েছেন নারীসহ আরও দুইজন।

গোপালগঞ্জে সড়কে গেল ২ জনের প্রাণ
প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 06:28 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

গোপালগঞ্জে আলাদা সড়কে ব্যবসায়ীসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নারীসহ আরও দুইজন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে সদর উপজেলার কাজুলিয়ায় এবং বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে ব্যবসায়ী নৃপেন মজুমদার (৫৫) এবং কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, নৃপেন মজুমদার ব্যাটারিচালিত ইজিবাইকে করে মালামাল নিয়ে টুঙ্গিপাড়ার পাথঘাটা থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে নৃপেন মজুমদার মারা যান; আহত ইজিবাইক চালক ভজন বিশ্বাসকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবুল হাসেম মজুমদার জানান, উপজেলার ফুকরা থেকে ভ্যানে যাত্রী নিয়ে ছকু শেখ মিল্টন বাজারে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে ভ্যানচালক ছকু শেখ মারা যান। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত নিলুফা বেগমকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।