১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহের ৫ মন্দিরে তালা ভেঙে বিগ্রহের গহনা চুরি

“চোররা হয়তো ভেবেছিল বিগ্রহের গায়ের অলংকারগুলো সোনার। কিন্তু সেগুলো ছিল ইমিটেশনে তৈরি নকল সোনার।”

ঝিনাইদহের ৫ মন্দিরে তালা ভেঙে বিগ্রহের গহনা চুরি
মন্দিরের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গায় পাঁচটি মন্দিরের চুরি হয়েছে। একই এলাকায় থাকা মন্দিরগুলোর তালা ভেঙে বিগ্রহের গায়ে থাকা অলংকার নিয়ে গেছে চোর। 

মঙ্গলবার রাতে নলডাঙ্গায় পুরানো রাজবাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। 

নলডাঙ্গা পুজা কমিটির সভাপতি বঙ্কীম ব্যার্নাজী বলেন, সাতচল্লিশের দেশভাগের পর নলডাঙ্গার রাজারা রাজবাড়ি ও সহায়-সম্পত্তি ফেলে ভারতে চলে যান। তাদের তৈরি মন্দিরগুলোও অরক্ষিত অবস্থায় পড়ে থেকে ধ্বংস হতে থাকে। 

পরে ২০০০ সালের দিকে মন্দিরগুলো সংস্কারে উদ্যোগ নেন স্থানীয়রা। তারা পুরানো অবয়ব ঠিক রেখে মন্দিরগুলো সংস্কার করে আবার পুজা-অর্চনা শুরু করেন। এর ধারাবাহিকতায় এবারও ঝাঁকজমকের সঙ্গে পুজার আয়োজন করা হয়েছে মন্দিরগুলোয়।   

এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় পুজা শেষ করে মন্দিরগুলোর দরজায় তালা লাগিয়ে বাড়ি চলে যান পুরোহিত। রাতে চোর বিষ্ণু, শিব, লক্ষ্মী, গণেশ ও সিদ্ধেশ্বরী মন্দিরের তালা ভেঙে বিগ্রহগুলোতো থাকা অলংকার চুরি করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, “চোররা হয়তো ভেবেছিল বিগ্রহের গায়ের অলংকারগুলো সোনার। কিন্তু সেগুলো ছিল ইমিটেশনে তৈরি নকল সোনার।”

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কথা বলেন। 

এছাড়া পুলিশকে জেলার পুজা মন্দিরগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।