২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ কক্ষে ঝুলছিল হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ

“সুমাইয়ার ডায়েরি দেখে ধারণা করা হচ্ছে, তিনি হতাশায় ভুগছিলেন।”

নিজ কক্ষে ঝুলছিল হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ
প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 08:37 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দিনাজপুরের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।

মৃত সুরাইয়া নওগাঁর পত্নীতলা উপজেলার মোবারকপুর এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ জানান, সুরাইয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে আছিয়া ছাত্রীনিবাসের একটি কক্ষে একই থাকতেন। দুপুরে ছাত্রীনিবাসের গৃহকর্মী রান্নার চাল নিতে গিয়ে দেখেন সুমাইয়ার ঘরের দরজা ভেতর থেকে আটকানো।

পরে অন্যরা জানালা ফাঁক করে মোবাইল ফোন ঢুকিয়ে ভিডিওতে দেখেন ফ্যানের সঙ্গে সুরাইয়ার লাশ ঝুলছে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

তিনি বলেন, “সুমাইয়ার ডায়েরির লেখা থেকে ধারণা করা হচ্ছে, তিনি কোনো কারণে হতাশায় ভুগছিলেন। সুরতহাল অনুযায়ী প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।”

সুরাইয়ার বাড়িতে খবর পাঠানো হয়েছে; স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ জানান।