কোটা: গাইবান্ধায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, কোটা সংস্কারের নামে ক্লাস ও পরীক্ষা বর্জনের চেষ্টা করলে ছাত্রলীগ এর প্রতিবাদ করবে।
গাইবান্ধায় কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে হামলার এ ঘটনা ঘটে বলে আন্দোলনকারীরা দাবি করছেন।
এতে পরমানন্দ, কামরুল ও রাহেলাসহ ৬-৭ জন সাধারণ শিক্ষার্থী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে গণপদযাত্রা করেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, তখন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং ৬-৭ জন আহত হন।
ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা বলেন, “আহতদের মধ্যে তিন-চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ব্যানার ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর লেখা স্মারকলিপি কেড়ে নিয়েছে।”
পরে আন্দোলনকারীরা বিকাল ৩টার দিকে জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের ডিবি রোডের জিরো পয়েন্ট গিয়ে শেষ করেন।
সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানান। সেইসঙ্গে কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানান।
গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম বিশাল বলেন, “কোটা সংস্কারের বিক্ষোভ মিছিলে কলেজ চত্বরে ব্যানার নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বামপন্থী সংগঠনের কথা কাটাকাটি হয়। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সেই কথা কাটাকাটি থামাতে যায়।”
হামলার সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, “কোটা সংস্কারের নামে ক্লাস ও পরীক্ষা বর্জনের চেষ্টা করলে ছাত্রলীগ তার প্রতিবাদ করবে।”
