ঐতিহ্য-পরম্পরার মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় ‘সেং কুটস্নেম’ উৎসব
এতে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির সদস্য ছাড়াও দেশ-বিদেশের পর্যটকরা অংশ নেন।
এতে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির সদস্য ছাড়াও দেশ-বিদেশের পর্যটকরা অংশ নেন।
নিজেদের ঐতিহ্য ও পরম্পরাকে তুলে ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উদযাপিত হয়েছে নৃগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’। শনিবার বিকালে উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির সদস্য ছাড়াও দেশ-বিদেশের পর্যটকরা অংশ নেন।
সরজমিনে দেখা যায়, বর্ষবিদায় ও নতুন বছরকে বরণে খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নিতে এসেছেন। মাঠের একপাশে খাসিদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মেলা বসেছে। সেখানে পোশাক ছাড়াও পান, তীর-ধনুক, বাঁশ-বেতের তৈরি নানা উপকরণ রয়েছে।
খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল লাউয়াছড়া পুঞ্জির হেডম্যান ফিলা পতমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সাল থেকে ২৩ নভেম্বর কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের উৎসব উদযাপন হয়ে আসছে।
অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব নাচ-গান পরিবেশন করেন। মেলা উপলক্ষে খাসিয়াদের নিজস্ব খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া খেলাধুলার আয়োজনও ছিল।
খাসিয়া নেত্রী জেসিয়া সুঙ বলেন, “বর্ষবিদায় ও নতুন বছর বরণের অনুষ্ঠানটি ঘিরে আমরা খাসি সম্প্রদায়ের সবাই একসঙ্গে জড়ো হয়ে উৎসবে মেতে ওঠি।”
তিনি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে অনুষ্ঠানটি করতে পারছিলাম না। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা ‘সেং কুটস্নেম’ আয়োজন করি।
খাসি সোশ্যাল কাউন্সিলের সদস্য সাজু মাচিয়াং বলেন, উৎসবে নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানাদির পাশাপাশি পান গুছানো ও বরশি দিয়ে মাছধরার প্রতিযোগিতাও ছিল। বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং বলেন, খাসি ‘সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। এ বছর ছিল ১২৫তম বর্ষবিদায় এবং ১২৬তম নতুন বছরকে বরণ।
তিনি বলেন, খাসি পঞ্জিকা অনুযায়ী, রোববার থেকে তাদের নতুন বর্ষ শুরু। ফসল উৎপাদনের ওপর নির্ভর করে প্রতিবছর এই দিনে ‘সেং কুটস্নেম’ উৎসব উৎযাপিত হয়।
