হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরেক শিশুর মৃত্যু
এ নিয়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ১৪ শিশুর মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১টার তিন মাস বয়সী শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা।
মারা যাওয়া ছেলে শিশুটি কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। গত ৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ নিয়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ১৪ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ছে, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৪ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৭২ শিশু।
গত ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৬১১ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫১৯ জন।
রোববার সকালে গিয়ে নতুন ভবনের ৮তম তলার আইসোলেশন ওয়ার্ডে দেখা যায় শিশু রোগীদের স্বজনদের চোখে মুখে হতাশার ছাপ।
চার মাস বয়সী ছেলে শিশুকে নিয়ে ভর্তি শারমিন চৌধুরী বলেন, “সর্দি জ্বরের পর চিকিৎসকরা বলেছে ছেলে হামে আক্রান্ত। তাই গত এক সপ্তাহ ধরে হাসপাতালে। চোখের সামনে অনেক মায়ের বুক খালি হচ্ছে, তাই চিন্তা কমছে না।”
সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, “হাম ছোঁয়াছে হওয়ায় তা বাড়ছে। তবে এ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। যথাসময়ে হামের টিকা নিতে হবে। আমরা সীমিত জনবলের মধ্যে সেবা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি।”
