২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড়ে মানুষের ভিড়

আয়োজকরা জানান, ১৩ বছর ধরে নতুন বছরের শুরুতে হয়ে আসছে এ প্রতিযোগিতা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 11:21 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে ঐহিত্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখতে নানা বয়সি মানুষ ভিড় করে। 

বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা দেখতে মাঠে জড়ো হন অন্তত ৩০ হাজার মানুষ। পুরো গ্রাম পরিণত হয় আত্মীয়-স্বজনদের মিলনমেলায়।

জেলার গান্না ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এ আয়োজন করা হয়। ১৩ বছর ধরে নতুন বছরের শুরুতে হয়ে আসছে গরুগাড়ির দৌড় প্রতিযোগিতাটি।

আয়োজনে ছিল হার-জিত, ছিল পুরস্কার বিতরণ। এই প্রতিযোগিতা ঘিরে বসে আনন্দ মেলাও।  

সকাল থেকেই প্রস্তুতি চলে অংশ নেওয়া গাড়িগুলোতে। হাল-চাষের গরু নয়, রীতিমত মনিবের মর্যাদার লড়াইয়ে নামতে হচ্ছে তাদের। 

আয়োজনকরা জানান, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও নড়াইল থকে বাছাই করা মোট ২০টি গরুর গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়।  

প্রতিযোগিতায় প্রথম হয় ঝিনাইদহের মহেশপুরের কোরবান আলির গরুর গাড়ি, পুরষ্কার হিসেবে তার দলকে দেওয়া হয় একটি গরু। 

দ্বিতীয় হয় নড়াইলের নরু মিয়ার গাড়ি, তাকে পুরষ্কার দেওয়া হয় একটি ছাগল, যৌথভাবে তৃতীয় হয় যশোরের বাঘারপাড়া ওলিদ হোসেনের গাড়ি। তাকে একটি বাইসাইকেল ও চুয়াডাঙ্গার জীবন নগরের শহিদুল ইসলামকে একটি ছাগল পুরষ্কার হিসেবে দেওয়া হয়। 

প্রতিযোগিতা দেখতে আসা দর্শক দাউদ হোসেন মোল্লা বলেন, অনেক দিন পর হারানো ঐহিত্য গরুর গাড়ির দৌড় দেখে আনন্দ পেয়েছেন তিনি।  

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র মো. সাইদুর জামান বলেন, ছুটিতে বাড়িতে এসে গরুরগাড়ির দৌড় প্রতিযোগিতার খবর পেয়ে দেখতে আসেন তিনি।  

প্রতি বছর যেন এ খেলা অনুষ্ঠিত হয় সে আহ্বান আয়োজকদের প্রতি তার।

আয়োজকদের একজন মো. কামরুজ্জামান আজম বলেন, “গ্রামের মানুষকে আনন্দ দেওয়া, আর ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন।”  

প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস দেন তিনি।