২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কুপিয়ে যুবককে হত্যা

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন হাসপাতালের চিকিৎসক।

মুন্সীগঞ্জে কুপিয়ে যুবককে হত্যা
জয় সরকার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 01:58 AM

Updated : 26 Aug 2026, 05:12 PM

মুন্সীগঞ্জের গজারিয়ায় কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।

বুধবার রাতের এ হত্যাকাণ্ডের পর বাউশিয়ার চৌদ্দকাহউনিয়া গ্রামে উত্তেজনা দেখা দিলে পুলিশের পর সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।

নিহত জয় সরকার (২৫) ওই গ্রামের জামাল সরকারের সন্তান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের বিরোধে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু নামের আরেক পক্ষের বিরোধ চলছিল। তারই জের ধরে এটি ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যে থানা পুলিশ জানায়, স্থানীয় নান্নু ও তার লোকজন এ হামলার পেছনে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। স্কুলসংলগ্ন এলাকায় জয়কে তারা ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। 

থানা পুলিশ জানায়, প্রায় এক বছর আগে নিহত জয় সরকারের বাবা জামাল সরকারের হাতের কব্জি কেটে ফেলে হামলাকারীদের পক্ষের লোকজন। দীর্ঘ চিকিৎসার পর এই কব্জি জোড়া লাগে। ওই গ্রুপের লোকজনই তার ছেলের ওপর হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।