পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ
“শীতের কারণে নদীতে নামতে পারছি না। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যায়। তারপরও পেটের তাগিতে কাজ করতে হয়”, বলেন এক পাথর শ্রমিক।
দিন যতই যাচ্ছে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়েই চলছে। পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে। সেইসঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
বৃহস্পতিবার সকাল ৯টায় তেতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
আগের দিন বুধবার সকাল ৯টায় এ উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করার পর বৃহস্পতিবার তা আরও কমেছে। এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
কয়েকদিন ধরে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশায় সূর্যের দেখা মিলছে। সন্ধ্যার পর তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও সমতলের চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়।
ঠান্ডার পাশাপাশি হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষজন। বিশেষ করে সমতল ও নদী বিধৌত চা বাগানগুলোয় শীতের প্রকোপ বেশি অনুভূত হয়।
তেতুলিয়ার বুড়াবুড়ি এলাকার পাথর শ্রমিক খোরশেদ আলম বলেন, “শীতের কারণে নদীতে নামতে পারছি না। ঠান্ডায় পানিতে নামলে হাত-পা অবশ হয়ে যায়। তারপরও পেটের তাগিতে কাজ করতে হয়।”
পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড় এলাকার কৃষক আব্দুল মজিদ বলেন, “শীতকালে আমাদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। প্রতিদিন ভোর হলেই ক্ষেত থেকে বিভিন্ন শাকসবজি উত্তোলন করে বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করতে হয়।”
বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকার ভ্যান চালক আইজুল ইসলাম বলেন, “কয়দিন থেকে খুব শীত করতেছে। আমরা গরিব মানুষ কাজ না করলে তো ভাত জোটে না। তাই বাধ্য হয়ে শীতকে উপেক্ষা করে ভ্যান নিয়ে বাইরে বের হয়েছি।”
পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এই দুর্যোগে জেলা প্রশাসন নিয়মিত শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ অর্থ দিয়ে আট হাজার ৬৪০টি কম্বল ক্রয় করে পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
এ ছাড়া আরও ৬৫ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
