২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মনোনয়নপ্রত্যাশী বিএনপির ২ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ

কাজদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

খুলনার রূপসা উপজেলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ সমর্থক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান।

আহত ব্যক্তিরা হলেন- শান্ত শেখ (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান (৩৮), জাহিদুল ইসলাম (৩৫) ও ইমরান শেখ (৩০)। তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিকের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তারা দুজনই খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে মনোনয়নের জন্য প্রচার চালাচ্ছেন। 

নেতাকর্মীরা বলেন, কাজদিয়া বাজার এলাকায় পারভেজ মল্লিকের গণসংযোগ করার কথা ছিল। এজন্য তার অনুসারী শান্ত শেখের নেতৃত্বে কর্মী-সমর্থকরা কাজদিয়া বাজারে অবস্থান নেন। এ সময় আজিজুল বারীর হেলালের পক্ষের কিছু কর্মী-সমর্থক সেখানে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ সটকে পড়ে। 

ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, “পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে টিএসবি ইউনিয়নে মুয়াজ্জিনদের মধ্যে পাঞ্জাবি উপহার এবং কাজদিয়া বাজারে ৩১ দফার লিফলেট বিতরণের কথা ছিল। কিন্তু কাজদিয়া বাজারে আমার কর্মীদের ওপর অতর্কিতে হামলা করেন আজিজুল বারীর হেলাল ভাইয়ের লোকজন। তখন কর্মীরা তা প্রতিরোধ করেন।”

পারভেজ মল্লিক বলেন, “খবর পেয়ে আমি টিএসবি ইউনিয়নে গিয়ে দলীয় কার্যালয়ে বসে ঘটনা শুনছিলাম। তখন হেলাল ভাইয়ের নামে স্লোগান দিয়ে আবার হামলা হয়। সেসময় নেতা-কর্মীরা আমাকে নিরাপদে সরিয়ে নেন। এতে আমার কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন।”

এ বিষয়ে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের বক্তব্য পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

ঘটনাটি তদন্তে একটি কমিটি করা হয়েছে বলে জানান খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, দুই পক্ষকেই শান্ত করা হয়েছে। কারণ উদঘাটনে জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান ও সুলতান মাহমুদকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

মন্টু বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ যাওয়ার আগেই তারা সটকে পড়েন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কেউ কোনো মামলা করেনি।”