বিএসএফের ঠেলে দেওয়া ১২ জনের শূন্যরেখায় ৬০ ঘণ্টা
শুক্রবার ভোর রাতে বিএসএফ চার শিশু, চার নারী এবং চার পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেওয়া ১২ নারী-পুরুষ ও শিশু শূন্যরেখায় ৬০ ঘণ্টা ধরে অবস্থান করছে। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর তরফে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
শুক্রবার ভোর রাতে বিএসএফ চার শিশু, চার নারী এবং চার পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। এরপর থেকে ১২ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।
বিষয়টি নিয়ে শনিবার সকালে সীমান্তের ১৫০/এস ৩ নম্বর পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। ওই ১২ জন ভারতীয় নাগরিক কিনা সেটি যাচাই-বাছাই শেষে বিএসএফের জানানোর কথা ছিল।
কিন্তু রোববার পর্যন্ত বিএসএফ এ ব্যাপারে সাড়া দেয়নি বলে জানান ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
এই অবস্থায় খরতাপের মধ্যে খোলা আকাশের নিচে চরম মানবিক অবস্থার মধ্যে ১২ জন সময় পার করছেন।
বিজিবি জানায়, ১২ জন প্রাগপুর ইউনিয়নের চর বিলগাথুয়া এলাকায় আছেন। জায়গাটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ‘পুশইনের’ ঘটনা মোকাবিলায় সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। এলাকাবাসীও সজাগ আছেন।
আরও পড়ুন:
