২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞাঁ জানান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 07:07 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।  

সোমবার সকালে উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞাঁ জানান।  

নিহত আশরাফুল ইসলাম (৩৩) ওই এলাকার প্রয়াত কালু মিয়ার ছেলে। 

আহতদের মধ্যে রয়েছেন- মাহালম (৪৫), শরিফ (১৮), শামিম (২৮), নজরুল (১৮), আজিরন (৮০), হাজেরা বেগম। আহতদের মধ্যে পাঁচজনকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে আশরাফুল ইসলামের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার রাতে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুল ইসলামের বাড়িতে হামলা করে। এ সময় বাড়ির লোকজনকে মারপিট করে আগুন দেওয়া হয়। 

এর জেরে সকালে আশরাফুল ও নুরুল আমিন মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আশরাফুল ইসলামসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। 

এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নুরুল আমিন মেম্বারের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোফাজ্জল হোসেন বিদ্যুৎ বলেন, “সকাল ১১টার দিকে মারামারির ঘটনায় বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসে। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। গুরুতর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর দুজন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞাঁ বলেন, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।