২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে দুই নারীসহ ৩ ভারতীয় আটক

কিছুদিন আগে ওই তিন ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে বিজিবির দাবি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 11:55 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া সীমান্ত থেকে দুই নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।  

রোববার দুপুরে সীমান্ত পার হওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

তারা হলেন, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শাহাপুর থানা এলাকার জাউন কল্লরীন সাবাদ এডভিন কাজল, শেহাজাহানপুর জেলার ভান্ডা গ্রামের রামু বার্মা ও নদীয়া জেলার জগবন্ধু থানাধীন হরিণঘাটা এলাকার কৈশল্লা সরকার।  

বিজিবির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বেশ কিছুদিন আগে ওই তিন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। কিছুদিন থাকার পর ভারতে ফিরছিলেন তারা।

গোপন খবরে ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়। দুপুরে জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তারা আটক হন। 

পরে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে ওই তিনজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।