চাঁদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৭
ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে চাঁদপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন শিশুসহ আরও সাতজন।
রোববার দুপুরে উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ
নিহত অটোরিকশা চালক ছিদ্দিকুর রহমান (৫০) মতলব উত্তর উপজেলার ছোট হলুদিয়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা এলাকার শাহ আলম (৪০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার সঞ্চয় ঘোষ (৪৫), তার স্ত্রী রিপা ঘোষ (৪০), নুসরাত আক্তার (১৮) এবং অজ্ঞাত এক কিশোর ও শিশু।
এর মধ্যে গুরুতর শাহ আলমকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া চারজনকে চাঁদপুর জেনারেল হাসপাতাল এবং দুইজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নাইম ও রোকসানা বেগম জানান, ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে চাঁদপুরগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা সবাই অটোরিকশার যাত্রী।
তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে শিশুসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার বিপ্লব দাস বলেন, অটোরিকশা চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে শাহ আলমকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে। লাশ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
