২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামা-নায়াবে ‘নতুন আশা’

আওয়ামী লীগের দোর্দণ্ড প্রতাপের সময়ও নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে বিএনপির সংগঠন ধরে রাখতে সক্ষম হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 10:01 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ফরিদপুর সদর, নগরকান্দা ও সালথা উপজেলাকে বলা যেতে পারে ‘মিশ্র নির্বাচনি’ এলাকা। এখানে আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি বার বার জিতেছে। এমনকি জাসদ, বাকশাল নেতাও একসময় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 

জাতীয় পার্টি, জাসদ কালের পরিক্রমায় শক্তি ক্ষয় হতে হতে দুর্বল হয়ে গেলেও আওয়ামী লীগের দোর্দণ্ড প্রতাপের সময়ও নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে বিএনপির সংগঠন ধরে রাখতে সক্ষম হয়। 

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) এবং ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি ২০০১ সালের পর আর জয়ী হতে পারেনি। প্রায় দুই দশক পর এবার আওয়ামী লীগহীন মাঠে বিএনপির সামনে সেই সুযোগ দেখা যাচ্ছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। 

ফরিদপুর-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এবং ফরিদপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ব্যারিস্টার চৌধুরী নায়াব ইউসুফ। 

এর মধ্যে শামা ওবায়েদ ২০০৮, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিলেও, সংসদীয় ভোটের মাঠে নায়াব ইউসুফ এবার নতুন। তবে নায়াব এর আগে একবার স্থানীয় সরকারের ফরিদপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এই দুজনের বিরুদ্ধে দলের কোনো কোনো নেতা ‘আপত্তি’ জানালেও এখনও কেউ ‘বিদ্রোহ’ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। এই দিক থেকে দুজনেই মোটামুটি স্বস্তিতে আছেন। 

দুজনই রাজনৈতিক পরিবারের সন্তান। এলাকায় ‘মার্জিত’ রাজনীতিবিদ হিসেবে তাদের সুনাম রয়েছে। ফলে গত দুই দশকে মাঠের রাজনীতির মধ্য দিয়ে তারা বাবার পরিচয়ের বাইরেও নিজেদের অবস্থা ‘পাকাপোক্ত’ করেছেন বলে মনে করেন কর্মী-সমর্থকরা। 

আর এ কারণেই তাদের ধারণা, প্রায় দুই দশক আগে হাতছাড়াও হয়ে যাওয়া এ দুটি আসন এবার বিএনপি হয়ত পুনরুদ্ধার করতে পারবে। পাশাপাশি তারা যদি জয়ী হতে পারেন তাহলে আওয়ামী লীগের প্রয়াত নেতা সাজেদা চৌধুরীর পর তারাই হবেন জেলার নির্বাচিত নারী সংসদ সদস্য।

ফরিদপুরের একজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, দুটি আসনেই উল্লেখযোগ্য আওয়ামী লীগের ভোট রয়েছে। আগামী নির্বাচনে এই ভোট কোন দিকে যাবে সেটা এখনও প্রার্থীরা নিশ্চিত না। এই বিশাল ভোট যদি কেন্দ্রে যায় তাহলে তারা জয়-পরাজয়ের ‘মূল নিয়ামক’ হয়ে উঠতে পারে। ফলে সব প্রার্থীই আসলে এখানে নিজের ‘ভোট ব্যাংকের’ বাইরে আওয়ামী লীগের ভোট কীভাবে নিজের বাক্সে তোলা যায় সেই কৌশল করবেন- এটা বলার অপেক্ষা রাখে না।  

বিরোধ নেই, তবে চ্যালেঞ্জ আছে

শামা ওবায়েদের বাবা কে এম ওবায়দুর রহমান বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের সংগঠক ও মন্ত্রী। ফলে পারিবারিকভাবেই তিনি রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেছেন। ফলে অপেক্ষাকৃত কম বয়সেই ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

সেবার আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাজেদা চৌধুরীর সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। আর ২০১৮ সালে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে মাঝ পথে ভোট বর্জনের ঘোষণা দেন। 

এবার শামা ওবায়েদের তৃতীয় নির্বাচন। তিনি সবসময়ই জাতীয় ও স্থানীয়ভাবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকেন। এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যেও তার ব্যাপক প্রভাব রয়েছে। প্রার্থিতা ও তফসিল ঘোষণার আগ থেকেই তিনি এলাকায় গণসংযোগ ও প্রচারে ব্যস্ত সময় পার করছেন। তার প্রতিটি সভাতেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।      

এলাকার ভোটারদের ধারণা, এখানে শামা ওবায়েদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ খেলাফত মজলিসের শাহ আকরাম আলীর। ফরিদপুরে তিনি একজন শ্রদ্ধেয় ‘আলেম’ হিসেবে পরিচিত। ইসলামি বক্তা হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটের একটি বাংলাদেশ খেলাফত মজলিস। 

দলটির নেতাকর্মীদের আশা, এই জোট থেকে শাহ আকরাম আলীকেই প্রার্থী করা হবে। আর জামায়াতে ইসলামীর এখানে যে শক্তি রয়েছে, তা যদি পুরোপুরি কাজে লাগানো যায় তাহলে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে আসবে এমনটাই তাদের বিশ্বাস।   

শাহ আকরাম আলী বলেন, “আমাদের এলাকায় আলেম-ওলামাদের সমর্থন বেশি। সেই হিসেবে চেষ্টা করছি, ইসলামি দলগুলোর একক প্রার্থী হতে। সভা-সমাবেশে যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।” 

তবে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ মনে করেন, গত ১৭ বছর তিনি যেভাবে মাঠে থেকেছেন, কর্মী-সমর্থকদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন; তার প্রতিদান মানুষ এবার অবশ্যই দেবেন। 

তিনি বলছিলেন, “বাবার (কে এম ওবায়দুর রহমানের) অসমাপ্ত কাজ শেষ করার জন্য এলাকার মানুষ আমাকে জয়ী করবেন। দীর্ঘ ১৭ বছরে এ এলাকার মানুষের জন্য রাজপথে থেকেছি, কষ্ট করেছি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে দিনরাত কাজ করেছি। আশা করছি, এর প্রতিদান আমার নির্বাচনি এলাকার মানুষ দেবেন।” 

শামা ওবায়েদ বলেন, “এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ ঠিকঠাক আছে, নির্বাচনের দিন পর্যন্ত এমন থাকবে এটাই প্রত্যাশা করছি।”

নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন, “দীর্ঘ ১৭ বছর এই অঞ্চলের মানুষ ভোট দিতে পারেনি। ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ এই দীর্ঘ সময় নগরকান্দা-সালথার মানুষের বিপদ-আপদে পাশে থেকেছেন। সুদক্ষ তরুণ নেতৃত্বের কারণেই আমরা আগামী নির্বাচনে জয়ী হব বলে বিশ্বাস করি।” 

এ সময় তিনি অভিযোগ করেন, “নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের লোকজন আমাদের নেতা- কর্মীদের বিভিন্ন সময়ে হুমকি-ধামকি এবং নানা অপপ্রচার চালানোর চেষ্টা করছে।”

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “নির্বাচনে আমাদের যে সামান্য সমস্যা ছিল বলে মনে করতাম, আমাদের নেতা তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেটা কেটে গেছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের প্রতীকের প্রতি জোয়ার এসেছে।”

তিনি বলেন, “বিএনপির প্রয়াত নেতা এ কে এম ওবায়দুর রহমানের যোগ্য উত্তরসূরী শামা ওবায়েদের যোগ্য নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে।”

বিএনপির আরেক নেতা বলেন, “আগে জামায়াতে ইসলামী বিএনপির জোটে ছিল। এখানে জোট থেকেও বিএনপিই বরাবার নির্বাচন করেছে তার সাংগঠনিক শক্তির কারণেই। জামায়াতে ইসলামী কখনো এখানে জোটের হয়ে ভোট করেনি। কারণ, তাদের সাংগঠনিক ভিত্তি ততটা না।”

এই আসনে তিন লাখ সাত হাজার ভোটারের মধ্যে পুরুষ ভোটার প্রায় এক লাখ ৫৯ হাজার এবং নারী ভোটার প্রায় এক লাখ ৪৭ হাজার।  

ফরিদপুর-৩: নিরব এ কে আজাদ

সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শিল্পপতি আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ) দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বেশ আলোড়ন তুলেছিলেন। প্রথমে তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে নৌকা প্রতীকের দাবিদার ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন। এবং ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে আওয়ামী লীগের প্রার্থীকে বেশ বড় ব্যবধানে পরাজিত করেন। 

৫ অগাস্টের পটপরিবর্তনের পরও এ কে আজাদ নির্বাচনি এলাকার সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছেন। গণসংযোগ করে নির্বাচনে অংশগ্রহণের বার্তাও দিয়েছেন। 

কিন্তু নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর তিনি আর এলাকায় আসেননি। তারপরও তার কর্মী-সমর্থকেরা আশাহত হয়নি এখনো। 

এ কে আজাদ নির্বাচন করলে এই আসনের এক চিত্র দাঁড়াবে; আর তিনি নির্বাচনে অংশ না নিলে সম্পূর্ণ বিপরীত চিত্র পরিলক্ষিত হবে বলে মনে করেন ভোটাররা। 

সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী হয়েছেন ব্যারিস্টার চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে প্রভাব রাখা চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে তিনি। বৃটিশ-পাকিস্তান আমল থেকেই তাদের পরিবারের রাজনৈতিক প্রভাব রয়েছে।    

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আসনটি ছিল বিএনপির সাবেক মন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের দখলে। ২০০৮ সালে আসনটি আওয়ামী লীগের হাতে যায় খন্দকার মোশাররফ হোসেনের হাত ধরে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে জয়ী হন এ কে আজদ। 

ফলে নায়াব ইউসুফের সামনে একটি সুযোগ তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে বিএনপির হাতে থাকা আসনটি পুনরুদ্ধারের। কর্মীরা এতে বেশ সম্ভাবনাও দেখছেন। 

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর প্রতিবাদ ও আপত্তি তুলেছিলেন মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছার অনুসারীরা। নায়াব ইউসুফের মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশও করেছেন তারা। 

তবে সেই ধারা এখন অনেকটাই স্তিমিত হয়ে আসছে। প্রবল বিরোধিতা আর পরিলক্ষিত হচ্ছে না। এতে বেশ স্বস্তিতে আছেন নায়াব ইউসুফের সমর্থকরা।  

এ আসনে নায়াব ইউসুফের অন্যতম প্রতিদ্বন্দ্বী হবেন জামায়াত ইসলামীর প্রার্থী আবদুত তাওয়াব। এ ছাড়াও আরও কয়েকজন প্রার্থী হচ্ছেন; তবে তাদের প্রচার ও গণসংযোগ খুব সীমিত বলে ভোটাররা মনে করছেন। 

বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ বলেন, “আমার বাবা এখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন। এটা প্রমাণিত যে, সদরের মানুষ বিএনপিকে ভালোবাসে। গত ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি মানুষ। তারা আবার বিএনপির শাসন ফেরাতে চায়।” 

দলীয় বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি একটি বড় দল, এখানে মনোনয়ন নিয়ে স্বাভাবিকভাবেই মতবিরোধ থাকতে পারে। তবে বৃহত্তর স্বার্থে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীরা এক হয়ে যাবেন, ধানের শীষের পক্ষে কাজ করবেন।”

একই আশা ব্যক্ত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। তিনি বলেন, “অভ্যন্তরীণ কোন্দল ভোটে প্রভাব ফেলবে না। বিভেদ ভুলে সবাই ধানের শীষের পক্ষেই কাজ করবেন।” 

এদিকে জামায়াত ইসলামীর প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রচারে দখল বাণিজ্য ও চাঁদাবাজিমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুত তাওয়াব বলেন, “১৭ বছর পর মানুষ জুলুম, দখল, বাণিজ্য ও চাঁদাবাজিমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ভোট দেবেন। আমরা আশাবাদী, মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবেন।”

দলটির জেলা আমির মুহাম্মাদ বদরুদ্দীন বলেন, “বর্তমানে আমাদের অবস্থান যেকোনো সময়ের চেয়ে ভাল। এখন ইসলামি সমমনা আট দলের বিষয়ে কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে, সেটি মেনে নেওয়া হবে।”

এই আসনে ভোটার চার লাখের অধিক; নারী ও পুরুষ ভোটার প্রায় সমান-সমান।