২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর সীমান্তে ৩৯ জনকে হস্তান্তর করল বিএসএফ

ফেরত আসারা বিভিন্ন সময় চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে গিয়ে আর ফেরেননি বলে জানায় পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে নারী ও শিশুসহ ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষা-বিএসএফ।

মঙ্গলবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয় বলে জানান গাংনী থানার ওসি বনী ইসরাইল।

তিনি বলেন, সকালে বিএসএফ তাদের ‘পুশ ইন’ করার চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। পরে পতাকা বৈঠকের আহ্বান করে বিজিবি। বৈঠকে ভারতের পক্ষে ১১ বিএসএফের কমান্ডার গান্দিনা রাও ও বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার এবং বিজিবির পক্ষে কাজিপুর বিওপির নায়েব সুবেদার কাইয়ুম হোসেন ও আসাবুর রহমান উপস্থিত ছিলেন। 

এ ছাড়া গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। ফেরত আসারা বিভিন্ন সময় চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে গিয়ে আর ফেরেননি। 

পুলিশ জানায়, ফেরত আসারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিভিন্ন কারাগারে আটকে রাখা হয়। 

দীর্ঘদিন কারাভোগ শেষে এসব বাংলাদেশিকে সীমান্তে জড়ো করা হয়। মঙ্গলবার কাজীপুর সীমান্তে পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

ওসি বনী ইসরাইল বলেন, ফেরত আসাদের ঠিকানা যাচাইবাছাই শেষে স্বজনদের কাছে পাঠানো হয়েছে।