Published : 08 Mar 2026, 06:51 PM
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণের সময় পাশের একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার কোটপাড়া এলাকার কে এম শাহাবুদ্দিনের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম জানান।
নিহত নাইরুল ইসলাম (২৪) সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সকালে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। এ সময় পাশের বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে দেয়ালের নিচে চাপা পড়েন নাইরুল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি নূরে আলম বলেন, “দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”