২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নগরীতে ‘বন্ধুর হাতে’ বন্ধু খুন

পুলিশ জানায়, নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় এ ঘটনা ঘটে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 08:18 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

সিলেট নগরীতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরেক যুবককে পিটুনি দিয়ে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান।

নিহত জুয়েল (২৬) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ভেরা এলাকার আব্দুর রহিমের ছেলে। 

এ ঘটনায় আটক মো. হাবিল (২৫) নগরীর বালুচর এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে।

পুলিশ জানায়, জুয়েল ও হাবিল পরস্পর বন্ধু। সকালে পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে পাশের গোয়ালিছড়া খালে ফেলে দেন। এরপর ধারালো ছুরি দিয়ে তার গলা, বুক ও পিঠে একাধিক আঘাত করেন। 

স্থানীয়রা আহত অবস্থায় জুয়েলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন হাবিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। হাবিল ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, মরদেহটির ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।