২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঝরল ২ কলেজছাত্রের প্রাণ

মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী ছাউনিতে ধাক্কা খায়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 03:51 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ জানান।

নিহতরা হলেন-ভদ্রাসনের গোবিন্দ শীলের ছেলে পার্থ শীল (২০) ও পাঁচ্চরের গোয়ালকান্দা গ্রামের পাণ্ডব দাসের ছেলে তন্ময় দাস (২০)।

এছাড়া আহত সীমান্তের বাড়ি পাঁচ্চর এলাকায়। হতাহতরা সবাই শিবচরের দত্তপাড়া ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী।

ওসি বলেন, “কলেজের ক্লাস শেষে মোটরসাইকেলে করে পার্থ, তন্ময় ও সীমান্ত বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী ছাউনিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পার্থ ও তন্ময়ের মৃত্যু হয়।

“পরে স্থানীয়রা সীমান্তকে উদ্ধার করে পাঁচ্চরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।