২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৩ শিক্ষার্থী নিহত: সাবেক দুই এমপির নামে হত্যা মামলা

৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিতে একজন ও প্রশাসনের গাড়ি চাপায় দুই শিক্ষার্থী নিহত হন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 09:14 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর শহরে গুলিতে ও প্রশাসনের গাড়ি চাপায় তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।

তিন দিন আগে নিহতদের পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দুটি করা হয় বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

৪ অগাস্ট বিকালে শহরের খরড়মপুর মহল্লার নতুন আইডিয়াল স্কুলে সামনে আন্দোলনকারীদের মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে শ্রীবরদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. সবুজ মিয়া (১৮) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

এ ঘটনায় ১২ অগাস্ট সবুজের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। নিহত সবুজ শ্রীবরদী উপজেলা রূপারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

মামলায় শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, খড়মপুর মহল্লার আব্দুল আলিম, জেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সুব্রত দে ভানু এবং আওয়ামী লীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য্যসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মামলায় ছানুয়ার হোসেন ছানু, হুমায়ুন কবির রুমান পিস্তল এবং আব্দুল আলিম শটগান দিয়ে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে দা, লাঠিসোঁটা ও হকিস্টিকসহ দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি। 

একই দিন শেরপুর শহরের নতুন আইডিয়াল স্কুলের সামনে মিছিলে গুলি বর্ষণের একপর্যায়ে আন্দোলনকারীরা প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় নির্বাহী হাকিমসহ প্রশাসনের কর্মকর্তাদের বহনকারী একটি সাদা পিকআপ বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় নিচে চাপা পড়ে মাহবুব আলম ও সৌরভ নামের দুই শিক্ষার্থী নিহত হন। 

এ ঘটনায় মাহবুব আলমের মা মোছা. মাফুজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন বলে জানান ওসি জাহাঙ্গীর আলম।

নিহত মাহবুব আলম শেরপুর সদর উপজেলার তারাগড় কান্দাপাড়া গ্রামের মো. মিরাজ আলীর ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।