রাজনীতি নিষিদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার মেডিকেল ক্যাম্প
শিক্ষার্থীরা বলছেন, মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে ক্যাম্পাসে ইসলামী ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ করল।
ছাত্র রাজনীতি নিষিদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে ইসলামী ছাত্রী সংস্থা।
বৃহস্পতিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের নিচতলায় অনুষ্ঠিত এই কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলছেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। অন্য ছাত্রসংগঠন যদি কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, তাদের কিভাবে থামানো হবে? এক সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে। ছাত্র রাজনীতির চর্চার নামে ঘটবে অপ্রীতিকর ঘটনা।
শিক্ষার্থীরা বলছেন, মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে ক্যাম্পাসে ইসলামী ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ করল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব হোসেন জানান, সকাল ৯টা থেকে এক দিনের জন্য শুধু নারীদের জন্য মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে হেলথ চেকআপ কর্নার, গাইনি/প্রজনন স্বাস্থ্য কর্নার ও মানসিক স্বাস্থ্য কর্নারের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ফরিদা বেগম, পিজিটি (গাইনী অ্যান্ড অবস্) বিশেষজ্ঞ মিতানুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের মেডিকেল অফিসার সানজিদা ইসলাম ইলমী এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নিপা আক্তার চিকিৎসা সেবা দেন। প্রাথমিকভাবে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবারহ করা হয়।
সেবা নিতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে প্রথম। অনেকেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ নিতে পেরেছেন।
ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী মুক্তা ইশরাত সাংবাদিকদের বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেছিলেন। তিনি লিখিত অনুমতি না দিলেও মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রী সংস্থার এ আয়োজন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। বিষয়টি জানতে পেরে ব্যানার সরানো নির্দেশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সব কার্যক্রম নিষিদ্ধ, কোনো সংগঠন রাজনৈতিক ব্যানারে কোনো কার্যক্রম করতে পারবে না। তবে সামাজিক কোনো কাজ যে কেউ করতে পারবে, রাজনৈতিক ব্যানার ছাড়া।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তৌফিক আলম বলেন, “কিছু শিক্ষার্থী আমার কাছে আসছিলো ফ্রি মেডিকেল দেবে সেজন্য। আমি মৌখিকভাবে তাদের সম্মতি দিয়েছিলাম। তবে তারা রাজনৈতিক ব্যানারে করবে আমি এটা জানতাম না।”
