ট্যুর পরিচালনায় ৬টি ‘সাইট সিয়িং’ বাস কেনা হবে: পর্যটন প্রতিমন্ত্রী
পর্যটন প্রতিমন্ত্রী জানান, ছয়টি .‘সাইট সিয়িং’ দোতলা বাস কেনার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; শুধু এলসি খোলা বাকি।
দেশে পর্যটন এলাকায় ট্যুর পরিচালনার জন্য ছয়টি ‘সাইট সিয়িং’ দোতলা বাস কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
সোমবার গাজীপুর মহানগরে সালনা রিসোর্ট এবং পিকনিক স্পটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব আলী বলেন, দেশের অভ্যন্তরে পর্যটন আকর্ষণীয় এলাকায় ট্যুর পরিচালনার জন্য ইউরোপের মতো ছয়টি সাইট সিয়িং দোতলা বাস কেনা হবে; যার প্রতিটির মূল্য ছয় কোটি টাকা।
এজন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এখন শুধু এলসি খোলা বাকি রয়েছে বলে তিনি জানান।
“পৃথিবীতে যত ইন্ডাস্ট্রি রয়েছে তার কোনোটি সাসটেইনেবল নয়; একমাত্র ট্যুরিজম ইন্ডাস্ট্রিই সাসটেইনেবল,” বলেন তিনি।
তার মতে, একটা দেশের চালিকাশক্তি হিসেবে তার জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারে ওই দেশের প্রকৃতি।
২০১৬ সালের ঘোষণাকৃত পর্যটক বর্ষ উপলক্ষে ৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালে সালনা রিসোর্ট এবং পিকনিক স্পট নির্মাণ কাজ শুরু হয়। এটির নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের জুন মাসে। ৩ দশমিক ১২ একর ভূমির উপর গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনায় রিসোর্টটি তৈরি করা হয়েছে।
রিসোর্টে ছয়টি আধুনিক কটেজ, শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কটেজে দুইটি বেড রুম, একটি ড্রইং কাম ডাইনিং রুম রয়েছে।
আধুনিক স্থাপত্য নকশায় শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসনবিশিষ্ট রেস্তোরাঁ, অভ্যর্থনা কাউন্টার, তিনটি স্যুভিনর শপ, একটি কফি কর্নার, দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স হল, গ্রুপ ট্যুরিস্টদের ডে-আউটিংয়ের জন্য দুইটি পিকনিক শেড ও একটি কুকিং শেড রয়েছে যেখানে ২০০-৩০০ লোকের সবধরনের খাবার প্রস্তুতের ব্যবস্থা রয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মন্ত্রী পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট ঘুরে দেখেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলী কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অতিরিক্ত সচিব মো. অলি উল্যাহ, সুকেশ কুমার, আবু তাহের, যুগ্ম সচিব জামিল আহমেদ, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।
