২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের দুটি আসনে বাসদের মনোনয়ন বাতিল

চারটি আসনে ২৯ প্রার্থীর তথ্যাদি যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

হবিগঞ্জের দুটি আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

এর মধ্যে স্ট্যাম্পের উপর হলফনামা দাখিল না করায় এবং স্বাক্ষর না থাকায় হবিগঞ্জ-১ আসনে বাসদের কাজী তোফায়েল আহমদ এবং হলফনামায় মামলার তথ্য গোপন করায় হবিগঞ্জ-২ আসনে বাসদের লুকমান আহমদ তালুকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার হবিগঞ্জের চারটি আসনে ২৯ প্রার্থীর তথ্যাদি যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। 

সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে চারটি আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল): এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ছয় প্রার্থী। যাচাই- বাছাই শেষে তাদের মধ্যে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

শুধু বাসদের কাজী তোফায়েল আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ): এই আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ছয় প্রার্থী। তাদের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় এবং অসম্পূর্ণ আবেদন, অঙ্গীকারনামায় সাক্ষী না থাকা ও দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নোমান আহমদ সাদীকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ): এই আসনে মনোনয়ন দাখিল করেন সাত প্রার্থী। তাদের মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে ত্রুটিপূর্ণ আবেদন, যথাযথ স্বাক্ষর না থাকা, তথ্যে গড়মিল, আয়কর রিটার্ন না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহিনুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। 

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর): এই আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১০ প্রার্থী। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

দলীয় মনোনয়নে গড়মিল থাকায় বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী শাহ মো. আল আমিন, হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকা, প্রস্তাবকারীর তথ্য অসম্পূর্ণ ও ব্যাংক হিসাবের প্রমাণ না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, এক শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, হলফনামায় স্বাক্ষর না থাকা ও দলীয় মনোনয়নে চেয়ারম্যানের স্বাক্ষরে গড়মিল থাকায় এবি পার্টির মোকাম্মেল হোসেন এবং এক শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ব্যাংক হিসাব না থাকায় স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।