ফরিদপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রের মাথা বিচ্ছিন্ন
এ ঘটনায় তার আহত বন্ধুকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রের মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছে।
সোমবার দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি মো. সফর আলী জানান।
নিহত মো. খালিদ মাতুব্বর (১৪) উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের মো. বিলায়েত মাতুব্বরের ছেলে। সে নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, খালিদ ও তার বন্ধু ফেরদৌস নগরকান্দা বাজার থেকে মোটরসাইকেলে মুকসুদপুরে যাচ্ছিল। পথে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় খালিদ। গুরুতর আহত অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, খালিদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে প্রায় ১০০ গজ দূরে পড়েছিল। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মো. সফর আলী বলেন, “আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
