বগুড়ায় ‘বিএনপি থেকে আওয়ামী লীগে আসা’ চেয়ারম্যান রাজু গ্রেপ্তার
ওসি বলেন, “রাজু বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে আওয়ামী লীগের যোগ দেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ায় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে বগুড়া সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন।
গ্রেপ্তার রাজিবুল ইসলাম রাজু সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ওসি মঈনুদ্দিন সাংবাদিকদের বলেন, “রাজিবুল ইসলাম রাজু বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে তার নামে নাশকতার কয়েকটি মামলা হয়। পরে তিনি ২০১৪ সালে আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু দলে তার কোনো পদ-পদবি ছিল না।”
৫ অগাস্ট সরকার পতনের পর রাজুর বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া আগের আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
