বরিশালে হামে আরও এক শিশুর মৃত্যু, সাত মাসে ৫৪ জন
চলতি বছরের সাত মাসে বিভাগের সরকারি হাসপাতালে ৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
বরিশালে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সাত মাসে বিভাগের সরকারি হাসপাতালে ৫৪ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ শিশু বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) লোকমান হাকিম এ তথ্য জানিয়েছেন।
মৃত শিশুটি ছয় মাস বয়সী নুর মোহাম্মদ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মানপাশা গ্রামের বাসিন্দা মো. রবিউলের ছেলে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, মার্চে প্রকোপ শুরু হওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩৯ শিশু। এছাড়া ভোলায় সাত জন, বরগুনায় পাঁচ জন, ঝালকাঠিতে দুজন এবং পিরোজপুরে এক জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১ হাজার ৭৬৪ শিশুকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
জেলা অনুযায়ী তথ্য বলছে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ১৬১ জন। এ ছাড়া বরিশাল সদর হাসপাতালে এক হাজার ১০৯ জন, জেলার অন্যান্য হাসপাতালে ৫৩৭ জন, পটুয়াখালীতে দুহাজার ৯৯২ জন, ভোলায় এক হাজার
১৫৩ জন, পিরোজপুরে ৫৭৯ জন, বরগুনায় ৮৬৫ জন এবং ঝালকাঠিতে ৩৬৮ জন শিশু ভর্তি হয়েছে।
