২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ২ সাংবাদিকের ওপর হামলার তিন দিন পর মামলা

বুধবার বিএডিসি নোয়াখালীর কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 12:05 AM

Updated : 10 Sep 2026, 12:21 PM

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন নোয়াখালীর কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলার তিন দিন পর মামলা নিয়েছে পুলিশ।

বুধবার দুপুরের ওই ঘটনায় পরদিন সুধারাম থানায় মামলার এজাহার দেন ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান। রোববার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, “মামলাটি তদন্তের পর নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।”

বাদী মাহবুবুর রহমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা। তিনি দৈনিক বাংলা পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ বাংলার নোয়াখালী জেলা প্রতিনিধি এবং নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। 

এ ঘটনায় দেশ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মাওলা জিয়াউল আহসান সুজনও লাঞ্ছিত হন।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার দুপুরে দুই সাংবাদিক তথ্যের জন্য বিএডিসির নোয়াখালী জেলা কার্যালয়ে যান। উপ-পরিচালক (বীজ বিপণন) নুরুল আলমের সঙ্গে দুই সাংবাদিক কথা বলছিলেন। এ সময় প্রতিষ্ঠানের স্টোর কিপার মিরাজ হোসেন ওরফে শান্ত কক্ষে প্রবেশ করে হঠাৎ ভিডিও করা শুরু করেন। এক পর্যায়ে সাংবাদিকেরা চাঁদা নিতে এসেছেন, এমন দাবি করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। 

তাকে বারণ করলে তিনি মাহবুবুরকে কিলঘুষি দিতে শুরু করেন। পরে মারধরের জন্য লাঠি নিতে মিরাজ কক্ষ থেকে বের হলে সাংবাদিক রকিবুল আহসান দরজা বন্ধ করে দেন।

এ ঘটনায় পরদিন উপ-পরিচালক নুরুল আলম স্টোর কিপার মিরাজ হোসনকে কারণ দর্শানোর নোটিশ দেন। তাকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।