জামালপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সকালে ওই শিশুর মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে বাড়ির আঙিনা থেকে শিশুটি নিখোঁজ হয়।
জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এ ঘটনা ঘটে বলে বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন।
২ বছর বয়সী মোহাম্মদ আলী ওই ইউনিয়নের গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে রফিকুল ইসলাম বলেন, সকালে ওই শিশুর মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে বাড়ির আঙিনা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।
পরে বিলের কিনারা থেকে শিশুটিকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
