১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতে বাসাবাড়িতে কাজ করার সময় আটক, সাজা খেটে ফিরলেন ২ তরুণী

২০২৪ সালের ৪ অগাস্ট দালালের মাধ্যমে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেন বলে জানায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

ভারতে বাসাবাড়িতে কাজ করার সময় আটক, সাজা খেটে ফিরলেন ২ তরুণী
.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 08:24 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ভালো কাজের আশায় অবৈধপথে ভারত গিয়ে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় দেশটির পুলিশের হাতে আটকের পর সাজা খেটে যশোরের বেনাপোল বন্দর হয়ে দেশে ফিরেছেন দুই তরুণী।

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানিয়েছেন।

ফেরত আসারা হলেন- নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।

ওসি সাইফুর রহমান বলেন, দালালচক্রের খপ্পরে পড়ে ২০২৪ সালের ৪ অগাস্ট অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেন। বেঙ্গালুরু শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা দেশটির পুলিশের হাতে আটক হন। 

পরে তাদেরকে আদালতের মাধ্যমে বালাকিরা বালামন্দিরের গার্লস হোমে পাঠানো হয়। দুই বছর কারাভোগ শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বিকালে তারা দেশে ফিরেছেন।

তিনি বলেন, তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের গ্রহণ করেছে। 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।