০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের বিরুদ্ধে কুড়িগ্রামে বিক্ষোভ

‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতা’ রাম বিগ্রহ নির্মাণকে সম্প্রীতির জন্য হুমকি দাবি করে তা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 05:22 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে রাম বিগ্রহ নির্মাণের বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতা, কুড়িগ্রাম’ ব্যানারে এ কর্মসূচি হয়।

সমাবেশে সংগঠনটির সমন্বয়ক আ খ ম আশরাফুর রহমান, শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়া বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা দাবি করেন, ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে বাংলাদেশ ও ভারতের মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাদের অভিযোগ, পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণে বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে।

বক্তারা বলেন, ৮২ ফুট উচ্চতার রাম বিগ্রহ নির্মাণের বিষয়টি তদন্ত করা প্রয়োজন। তারা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাম বিগ্রহ নির্মাণের সঙ্গে যুক্ত হরিদাস চন্দ্র তরণীদাসের কার্যক্রম নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন। তার অর্থের উৎস এবং এ উদ্যোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।