২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গাড়িচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

বিকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই দুই আরোহী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 11:31 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

নাটোরের গুরুদাসপুর উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কে উপজেলার কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন।

নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার কেশবপুর এলাকার প্রয়াত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং একই এলাকার প্রয়াত জয়েন প্রামানিকের ছেলে শাহ আলম (৪৭)।

স্থানীয়দের বরাতে ইসমাইল হোসেন বলেন, ওই এলাকার সেতুতে মোটরসাইকেলসহ দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে জানান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে বনপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে বলে জানান তিনি।

কোনও যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।