মানিকগঞ্জে পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাক আউট’, ৩ ঘণ্টা ভোগান্তি
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবি এবং কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদ জানিয়েছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবি এবং কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদে মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
যৌথবাহিনীর হস্তক্ষেপে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সংযোগ চালু হয় বলে জানান মানিকগঞ্জ সদর থানা ওসি এস এম আমানউল্লাহ।
কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
এ দিকে দুর্নীতির অভিযোগে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এর প্রতিবাদ ও দুই দফা দাবিতে সকালে মানিকগঞ্জ সদরের বাগজান এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এক পর্যায়ে বেলা ১১টার দিকে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
খবর পেয়ে দুপুর ১টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। যৌথবাহিনীর সদস্যরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসেন। পরে দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী মিয়া এবং পল্লী বিদ্যুৎ সমিতি মানিকগঞ্জ জেলার জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. সুলতান নাছিমুল হক উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বরখাস্তের প্রতিবাদে এবং দাবি-দাওয়া আদায়ে সংযোগ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। যৌথবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী জানান, পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়। পরে তাদের দিয়ে যৌথবাহিনীর সহযোগিতায় বিদ্যুৎ সচল করা হয়েছে।
তারা হলেন- মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (প্রশাসন) রাজিবুল হাসান, এজিএম (ইএমসি) মো. হাসিব উদ্দিন, এজিএম গিয়াস উদ্দিন খান শাকিল এবং হরিরামপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সামিউল কবির।
