২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা মহানগর ছাত্রলীগের তিন মাসের কমিটিতে নয় বছর পার

শনিবার বিকালে কুমিল্লা টাউন হল ময়দানে মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন।

আবদুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 01:25 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

তিন মাসের জন্য কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও সেই নেতৃত্ব নয় বছর পার করে দিয়েছে। এই দীর্ঘ সময়ে সাংগঠনিক তৎপরতার অভাবে সংগঠনটিতে স্থবিরতা কাজ করেছে বলে অভিযোগ রয়েছে নেতাকর্মীদের।   

তবে সিটি করপোরেশন গঠনের পর এই প্রথম সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে; ঠিক তেমনি দলীয় পদ বাগাতে চলছে জোর তদবির।  

শনিবার বিকালে কুমিল্লা টাউন হল ময়দানে মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন।  

সম্মেলন ঘিরে কুমিল্লায় অবস্থান করছেন ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম। তিনি বলেন, “প্রথম সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আশা করছি, নতুন নেতৃত্বে মহানগর ছাত্রলীগ গতিশীল হয়ে উঠবে।”   

সম্মেলনে অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন। সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজীজ সিহানু। 

২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা লাভ করে। সিটি করপোরেশন প্রতিষ্ঠার চার বছর পর ২০১৫ সালের ২৩ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির মেয়াদ ছিল তিন মাস। 

কমিটিতে আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয় আবদুল আজিজ সিহানুকে। তিনি আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন নাঈমুল হক হিমেল, গোলাম সারোয়ার, সাইফুল আলম, ফয়সাল হোসেন, নূর মোহাম্মদ সোহেল ও সাকিব আল হাসান। 

কমিটির আহ্বায়কসহ বেশিরভাগই নেতাই কয়েকবছর আগে বিয়ে করেছেন; অনেকের ছিলো না ছাত্রত্ব। কিন্তু এরপরও দীর্ঘদিন কোনো কমিটি হয়নি। 

এদিকে, দুপুর থেকেই নগরীর ২৭টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবেন বলে জানিয়েছেন নেতারা। এই আয়োজনে সাবেক ছাত্রনেতাদেরও সম্পৃক্ত করা হয়েছে। বর্ণিল সাজে সাজানো হচ্ছে কুমিল্লা টাউন হল মাঠকে।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুক বলেন, “আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা বাংলাদেশের সেরা সম্মেলন করতে চাই। এর মাধ্যমেই নতুন নেতৃত্ব পাবে কুমিল্লা মহানগর ছাত্রলীগ। প্রথম সম্মেলনকে ঘিরে এরই মধ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করছি, সবার সহযোগিতায় সম্মেলন সফলভাবে শেষ করতে পারবো।”

মহানগর ছাত্রলীগের একাধিক নেতা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পেতে কয়েক মাস ধরেই তদবির চালিয়ে যাচ্ছেন নেতারা। বেশ কয়েকজন জীবনবৃত্তান্ত জমাও দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন বলেন, “ছাত্রলীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ভ্যানগার্ড। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি দৃঢ় আস্থাশীল নতুন উদ্যমী ছেলেদের দিয়ে কুমিল্লা মহানগর ছাত্রলীগকে সাজাতে চান আমাদের নেতা বাহাউদ্দিন বাহার। আশা করছি, প্রথম সম্মেলনে অত্যন্ত সুন্দর একটি কমিটি হবে।”