২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি সীমান্ত থেকে ভারতীয় যুবক আটক

আটক যুবক চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

রাঙামাটি সীমান্ত থেকে ভারতীয় যুবক আটক
রাঙামাটির জুরাছড়ি বগাখালী বাজার এলাকা থেকে আটক যুবক।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

রাঙামাটির জুরাছড়ি উপজেলা সীমান্ত থেকে ভারতীয় এক যুবককে আটক করা হয়েছে; যিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলে ভাষ্য বিজিবির।

বৃহস্পতিবার সকালে উপজেলার বগাখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

আটক মন চন্দ্র চাকমা (২২) ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।

বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, গোপন খবর পেয়ে সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধীনে বগাখালী বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করার মন চন্দ্র চাকমাকে আটক করেন বিজিবি সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন চন্দ্র চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। 

আটক যুবককে জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।