Published : 30 May 2026, 03:54 PM
ঈদের দিন বাবার মৃত্যুসংবাদ শুনে ঢাকা থেকে ঝালকাঠির নলছিটির বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকালে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল তিনি মারা যান বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।
নিহত শিউলি (৪০) ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের মোতালেব হাওলাদারের মেয়ে। এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের সূত্রে পুলিশ জানায়, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান মোতালেব হাওলাদার (৮০)। তার মৃত্যুসংবাদ পেয়ে রাতেই মেয়ে শিউলি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।
তবে শুক্রবার ভোরে বরিশালের কদমতলী এলাকায় অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
ওসি আরিফুল আলম বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।