১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, সড়ক দুর্ঘটনা বলে দাফনের চেষ্টা

সাকিব প্রেম করে বিয়ে করলেও তাতে সম্মতি ছিল না পরিবারের। এ নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।

চাঁদপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, সড়ক দুর্ঘটনা বলে দাফনের চেষ্টা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 03:53 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। পরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দাবি করে দাফনের চেষ্টাও করা হয়েছে। 

বুধবার রাত ১২টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের টোরাগড় সরকার বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানান হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ। 

নিহত আকতার হোসেন (৫৫) ওই এলাকার বাসিন্দা। তার ছেলে সাকিব সরকার (২৪) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সাকিব প্রেম করে বিয়ে করলেও তাতে সম্মতি ছিল না পরিবারের। এ নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। 

বুধবার গভীর রাতে আকতার হোসেন ছেলে সাকিবের স্ত্রীকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে দুটি কোপ দেয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

ওসি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসককে বলা হয় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সেখান থেকে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেন। কিন্তু পথেই মারা যান তিনি। 

এদিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করার কথা বলে গোপনে বৃহস্পতিবার ভোরে আকতারের মরদেহ দাফন করার প্রস্তুতি নেয় পরিবারের সদস্যরা। টের পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ওই বাড়িতে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।