বাগেরহাটে জমির বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে ২ খুন
একজনকে কুপিয়ে এবং অন্যজনকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটে আলাদা ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন এবং কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
নিহতরা হলেন- চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের নগেন্দ্র নাথ গাইনের ছেলে ক্ষিতিশ চন্দ্র গাইন (৭০) এবং কচুয়ার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে আব্দুল গাফফার শেখ (৬০)।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে খলিশাখালী গ্রামের আব্দুল গফফার শেখের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে গাফফারকে পিটিয়ে আহত করে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে গফফার মারা যান বলে জানান তিনি।
অন্যদিকে চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের নগেন্দ্র নাথ গাইনের সঙ্গে প্রতিবেশী সাকিনুর শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
আসাদুজ্জামান বলেন, “বুধবার দুপুরে জমির বিরোধ মিটমাট করতে দুই পক্ষের লোকজন সভায় বসেন। মিটমাট শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সাকিনুর শেখ দেশি অস্ত্র দিয়ে ক্ষিতিশ গাইনের গলায় আঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।”
গুরুতর অবস্থায় ক্ষিতিশ গাইনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। বৃহস্পতিবার নিহতদের ময়নাতদন্ত করা হবে।
