নেত্রকোণায় ঈদের নামাজে ‘ইমামতি নিয়ে বিরোধ’, হামলা আহত ৮
সকালে নামাজ শুরুর আগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নেত্রকোণা সদর উপজেলায় ঈদের নামাজে ইমামতি করা নিয়ে বিরোধের জেরে ঈদগাহ মাঠে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চল্লিশা ইউনিয়নের সনুড়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা মডেল থানার এসআই মো. আকরাম।
আহতদের মধ্যে সনুড়া গ্রামের বাসিন্দা বাচ্চু সরকার (৫২) নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের লোকজনের সঙ্গে বাচ্চু সরকার ও তার লোকজনের বিরোধ চলে আসছিল। এ ছাড়া ঈদগাহ মাঠে ইমামতি করা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
মাঠটিতে আগে নয়নদের মনোনীত ব্যক্তি ইমামতি করতেন। তবে পট পরিবর্তনের পর বাচ্চু সরকারের লোকজন নতুন একজনকে ইমাম মনোনীত করেন।
এ ঘটনার জেরে সকালে নামাজ শুরুর আগে নয়নের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক মাঠে হামলা চালায়। এতে বাচ্চু সরকারসহ অন্তত আটজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।
এসআই আকরাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে গ্রামটির অবস্থা শান্ত রয়েছে। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
হামলার বিষয়ে জানতে আওয়ামী লীগের নেতা নয়নকে একাধিকবার মোবাইল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
