লক্ষ্মীপুরে সাবেক এমপি নুর উদ্দিনের পোড়া বাড়িতে আবার আগুন
গোপনে সংস্কারের অভিযোগে বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ছাত্র-জনতা।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িটি গোপনে সংস্কারের অভিযোগে আবার আগুন দিয়েছে ছাত্র-জনতা।
এ সময় বাড়িটি থেকে ট্রাকে করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় এক সংবাদকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে।
বুধবার বিকালে শহরের মহিলা কলেজ এলাকায় নয়নের বাসভবন লুবনা কটেজে এ ঘটনা ঘটে বলে জানান লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু।
তিনি বলেন, “সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নেভানো হয়।”
সাবেক সংসদ নয়ন জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক আছেন। গত বছরের ৪ অগাস্ট প্রথম তার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে ৫ অগাস্ট আবার আগুন দেওয়া হয়। সেই সময় বাসা থেকে মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়।
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ভাঙা বাড়িতে আবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাড়িটি গোপানে কে বা কারা সংস্কার করছিল। এটি দেখে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে একদল যুবক বাধা দেয়। এক পর্যায়ে তারা একটি নিরাপত্তা দেওয়াল ভেঙে মালামালে আগুন লাগিয়ে দিয়ে। এ নিয়ে বাড়িতেই চার বার আগুন দেওয়া হলো।
সংস্কার কাজে নিযুক্ত নির্মাণ শ্রমিক আবদুল মাজেদ বলেন, “আমরা সংস্কার কাজ করছিলাম। বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলেন। পরে তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।”
হেনস্তার শিকার সংবাদকর্মী ফরহাদ হোসেন বলেন, “আগুন দেওয়ার পর একটি ট্রাক নিয়ে এসে একদল লোক কিছু মালামাল লুট করছিল। ভিডিও করতে গেলে আমাকে গালমন্দ করেন তারা। এরপর একটি ছবি তুলতে গেলে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে এক যুবক তেড়ে আসেন।”
লক্ষ্মীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, “নয়নের বাসায় দীর্ঘদিন ধরে গোপনে সংস্কার কাজ চলছিল। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ করেছে। এক পর্যায়ে তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
“এ সময় সাংবাদিক ফরহাদের সঙ্গে একজনের ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তা মীমাংসা করে দিয়েছি।”
সাবেক সংসদ সদস্য নয়নের বাড়িটিতে অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ।
