Published : 18 Jul 2026, 10:28 PM
গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে যেতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “গণভোটে ‘জুলাই সনদের’ পক্ষে জনগণের রায় থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।”
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “নাটক কম করেন প্রিয়।”
শনিবার বিকালে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা এখনও হরতাল-অবরোধের মত কর্মসূচি দিইনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সে ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। আমরা এই মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে সেদিকে ঠেলে দিচ্ছেন।”
বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, “দলটি দীর্ঘ দিন গণতন্ত্রের জন্য আন্দোলনের কথা বললেও ক্ষমতায় এসে সংবিধান সংস্কার কমিশন ও ৩১ দফার বিষয়ে আর আগের অবস্থানে নেই। সংবিধান সংশোধনের নামে কোনো ‘প্রহসন’ জনগণ মেনে নেবে না।”
বেকারদের কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচনি ইশতেহারে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও পাঁচ মাসে তার বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি নেই।”
সাধারণ মানুষের বদলে দলীয় লোকজনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন দলের মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবার।
এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্লেল অলি আহম্মেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার রাশেদ প্রধান।