Published : 07 Apr 2026, 08:59 PM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় বন্য হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় ক্ষেতে পাঁতা বিদ্যুতায়িত ফাঁদ অপসারণ করেছে বন বিভাগ।
মঙ্গলবার দুপুরে রাংটিয়া রেঞ্জের আওতাধীন উপজেলার তাওয়াকোচা বিটের পানবর মৌজায় এ অভিযান চালানো হয় বলে জানান তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা ফাহিম মুনতাসির।
বন বিভাগ ও স্থানীয়রা জানায়, ভুট্টা ও ধানক্ষেতকে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করতে কিছু অসাধু ব্যক্তি ক্ষেতের চারপাশে জি-আই তার টেনে তাতে বিদ্যুৎ সংযোগ দেন। এতে বন্য হাতির স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি প্রাণহানির ঝুঁকিও রয়েছে।
গোপন খবর পেয়ে বিট কর্মকর্তা ফাহিম মুনতাসিরের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্ষেতের চারপাশে দেওয়া সব বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের সতর্ক করা হয়।
বিট কর্মকর্তা ফাহিম মুনতাসির বলেন, “বন্য প্রাণী, বিশেষ করে হাতি সংরক্ষণে এ ধরনের অবৈধ বৈদ্যুতিক ফাঁদ অত্যন্ত বিপজ্জনক ও দণ্ডনীয় অপরাধ। এতে শুধু বন্যপ্রাণী নয়, মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে।
“আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে স্থানীয়দের সচেতন করতে বন বিভাগ কাজ করছে এবং হাতি প্রতিরোধে নিরাপদ ও আইনসম্মত পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান এ বন বর্মকর্তা।