ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
তিন বছর আগের এ মামলার রায় দেয় আদালত।
ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।
সাজার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করেছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছর বয়সী একটি মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হাফিজুর তাকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।
এরপর শিশুটিকে কাউকে কিছু না জানাতে ভয়ভীতি দেখায় সে। কিন্তু মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সবইকে জানালে ওই দিনই তার বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন।
তদন্ত শেষে মহেশপুর থানার এসআই আল মাসুদ মিয়া হাফিজুরের বিরুদ্ধে ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
