২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে নার্সের সঙ্গে রোগীর স্বজনদের মারামারি, নারী গ্রেপ্তার

এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইলে নার্সের সঙ্গে রোগীর স্বজনদের মারামারি, নারী গ্রেপ্তার

নড়াইল সদর হাসপাতালে মারামারির মামলায় গ্রেপ্তার রিনা বেগম।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 12:01 AM

Updated : 12 Oct 2022, 12:01 AM

নড়াইল সদর হাসপাতালে নার্সের সঙ্গে রোগীর স্বজনদের মারামারির ঘটনা ঘটেছে; এতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনার পর রাতে সদর থানায় মামলা করেন জ্যেষ্ঠ নার্স (সেবিকা) বিউটি পারভীন।

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। তারা হলেন- লোহাগড়া উপজেলার বারইপাড়া গ্রামের সালাম শেখের স্ত্রী রিমা বেগম (৪২) এবং তার ছেলে ইমরান শেখ। এর মধ্যে রিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাদী বিউটি পারভীন বলেন, সকালে হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ড থেকে ইমরান শেখের স্ত্রী সুমাইয়াকে (১৯) গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়।  এখানে আসার পর আমি ও চিকিৎসক তাকে সেবা দেই।

“এরপর আমি লেবার রুমের একটি নষ্ট ফ্যান ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে ঠিক করাচ্ছিলাম। ইমরান শেখ সেখানে গিয়ে আমার সরকারি কাজে বাধা দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারপিট করেন। এ সময় তার মা রিনা বেগমও আমাকে মারপিট করেন।”

নার্স আরও বলেন, এ সময় হাসপাতালের সহকারী পরিচালক মো. আসাদ উজ-জামান মুন্সি ঘটনাস্থলে এলে তার ওপরও হামলা চালায় রোগীর স্বজনরা।

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন রোগী সুমাইয়ার চাচা মহিষখোলা এলাকার কামরুল ইসলাম।

তিনি বলেন, “আমার ভাতিজি সুমাইয়া চিকিৎসা নিতে গাইনি ওয়ার্ডে আসেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইমরান নার্সকে ডাকতে যান। কিন্তু নার্স ফ্যান মেরামতের কাজে ব্যস্ত থাকায় আসতে চাননি। তখন ইমরান তাকে রোগীর কাছে আসার অনুরোধ করেন।”

“এ সময় নার্সের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। তখন হাসপাতালের নার্স ও স্টাফরা মিলে রোগীর স্বজনদেরকে মারপিট করেন। একপর্যায়ে সুমাইয়ার শাশুড়ি রিমা বেগমের কান ছিঁড়ে ফেলে।

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রেমানন্দ মণ্ডল বলেন, “রোগীর স্বজনরা বিনা কারণে আজকে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর হামলা করেছে। মামলা হয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

তিনি আরও বলেন, “রোগী সুমাইয়াকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

রিনা বেগমকে আহত  করার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, “নিজেদের মধ্যে ধস্তাধস্তির সময় তার কানের লতিতে টান লেগেছে। তাকেও হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।”