সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
একইসঙ্গে দোষীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল হাসান জানান।
দণ্ডপ্রাপ্ত আহমাদুল্লাহ (৩২) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।
মামলার নথির বরাত দিয়ে স্টেনোগ্রাফার জানান, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর র্যাব ১২ সিরাজগঞ্জ-বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাসস্ট্যন্ড এলাকায় অস্থায়ী চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসকে থামানোর সংকেত দেন র্যাব সদস্যরা। তখন বাস থেকে নেমে আহমাদুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন পায় র্যাব সদস্যরা।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় আটজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন বলে জানান স্টেনোগ্রাফার রাশেদুল হাসান।
