২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিদ্যালয়ে পাঠদানের সময় ছাদের পলেস্তারা ধসে ৩ শিক্ষার্থী আহত

রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে ছাদের পলেস্তারা ও বিম ধসের ঘটনায় ঘটেছে। এতে অন্তত তিন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়ায়।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

আহতরা হলো- ঋতু বণিক, নাদিয়া আক্তার এবং সামিয়া আক্তার। তাদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন।

শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ছাদের পলেস্তারা ও ভিমের একটি অংশ ধসে পড়ে। এ সময় বিকট শব্দ হয়। এতে তিন শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যায়। 

পরে শ্রেণিকক্ষের সিসি ক্যামেরার ভিডিওতে ছাদের পলেস্তারাসহ ভিম ভেঙে পড়ার দৃশ্য ও শিক্ষার্থীদের হুড়োহুড়ির দৃশ্য দেখা যায়। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, ভবনটি আগ থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীরা ক্লাস করে আসছে। নিরাপদ শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিতে দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবনের প্রয়োজন; তা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমাদের কয়েকজন ছাত্রী আহত হয়।

জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে কার্যক্রম চালানো হচ্ছিল। এ নিয়ে উপজেলা ও জেলায় সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানান তিনি।

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “ভবন ঝুঁকিপূর্ণের বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেওয়া যায়নি।”