ময়মনসিংহে বিএনপির দুপক্ষে পাল্টাপাল্টি ধাওয়া-ভাঙচুর, আহত ৮
গৌরীপুর আসনে ইকবাল হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর বিরোধিতা করে আসছেন তায়েবুরের সমর্থকরা।
ময়মনসিংহ-৩ আসনে মনোনয়নের জেরে বিএনপির দুটি পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আটজন আহত হয়েছেন।
রোববার বিকালে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ এবং মনোনীত প্রার্থী প্রকৌশলী এম ইকবাল হোসাইনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম জানান।
সম্প্রতি বিএনপি সারাদেশে ২৩৮ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এম ইকবাল হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর বিরোধিতা করে আসছেন তায়েবুরের সমর্থকরা।
বিএনপি নেতাকর্মী ও পুলিশ জানায়, বিকালে পাটবাজার এলাকায় মনোনয়ন বঞ্চিত হিরণের সমর্থকদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা চলছিল। সাড়ে ৪টার দিকে ইকবাল হোসাইনের সমর্থকরা গিয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মোটরসাইকেলসহ আশপাশে ভাঙচুর চালানো হয়।
এদিন বিকাল ৪টার দিকে মনোনয়ন পাওয়ার পর প্রথম মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে গৌরীপুরে যান ধানের শীষের প্রার্থী এম ইকবাল হোসাইন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, “পূর্ব ঘোষিত নারী সমাবেশ চলছিল আমাদের। হঠাৎ করে কোনো কিছু বুঝে উঠার আগেই অনুষ্ঠানের পেছন দিক দিয়ে হামলা করা হয়। গৌরীপুরে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইকবাল হোসাইনের নাম আসায় সাধারণ মানুষ শুরু থেকেই প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।
“বিগত ১৭ বছর নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দল আমাকে মনোনয়ন দেবে। তা বিবেচনায় দিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে তারা পরিবেশ অশান্ত করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসাইন বলেন, “মনোনয়ন পাওয়ার পর একটি পক্ষের অস্ত্রের মুখে এলাকায় আসতে হয়েছে। মনোনয়ন চাওয়া দুজন এরই মধ্যে আমার হয়ে কাজ করছে। হিরণ নানা কর্মসূচি পালন করছে। কিন্তু মানুষ আমার পক্ষেই রয়েছে। হিরণ আমার লোকজনকে নানাভাবে হয়রানি করছে। ধাওয়া-পাল্টা ধাওয়া তার জন্যেই হয়েছে।”
সন্ধ্যা সাড়ে ৬টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে জানিয়ে গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম বলেন, “দুপক্ষের ধাওয়া-পাল্টায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি আমরা দেখছি।”
