১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 06:52 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা সদর বাজারে ফায়ার সার্ভিস সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবুল হাছনাত।

দণ্ড পাওয়া শাহজালাল শেখ (৪৮) উপজেলার প্রভাকরদী গ্রামের প্রয়াত আবু শেখের ছেলে।

আবুল হাছনাত বলেন, জ্বালানি তেল মজুদের গোপন খবর পেয়ে শাহজালাল শেখের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে তেল মজুদের সত্যতা পাওয়া গেলে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।