২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিসসহ কয়েকজন আহত

এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 09:42 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এ ছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের টাউন হলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন।

এনসিপি নেতাদের দাবি, সন্ধ্যায় শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। পরে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়।

ছাত্রদল নেতাদের অভিযোগ, দুপুরে আজমিরীগঞ্জে শহীদ মিনারে সমাবেশে এনসিপি নেতারা বিএনপি নেতাদের নাম উল্লেখ করে ‘গুণ্ডাবাহিনী’ বলে বক্তব্য দেন। এতে ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। 

সন্ধ্যায় জেলা শহরের টাউন হলে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের ঘিরে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এনসিপি নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। 

এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও স্থানীয় এনসিপি নেতা মুবিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদেরকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।

ওসি জাহিদ হোসেন বলেন, “এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতারা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে এনসিপির নেতাদের উদ্ধার করে সার্কিট হাউজে পৌঁছে দেই।”