ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৭৬ শিশু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ শিশু ভর্তি হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ শিশু ভর্তি হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত তাদের ভর্তি করা হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ৭৬ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪২৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১২ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ২৫ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
