মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু
“মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে ছিল।”
নওগাঁর রাণীনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে এক যুবকের প্রাণ গেছে।
উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় বুধবার গভীরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৩ বছর বয়সী হাসান আলী প্রামাণিক রাণীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারের খবর জানান রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম।
তিনি পেশায় মাছ চাষি। পাশাপাশি ব্যবসাও চালাতেন তিনি।
নিহতের পরিবারের বরাতে ওসি তারিকুল বলেন, “হাসান উপজেলার সিম্বা গ্রামে একটি ভাড়া বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষে রাণীনগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে সিম্বা যাচ্ছিলেন তিনি।
“পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। তার মোটরসাইকেলটিও সড়কের পাশে পড়ে ছিল।”
নিহত হাসানের ছোট ভাই আসিফ ও মামা আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। এরপর পুলিশ গিয়ে হাসানের লাশ উদ্ধার করে।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ হাসানের লাশ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
